
নয়াদিল্লি, ১১ জুন(হি. স.) : দেশে বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপদ ও নিশ্চিন্তে ঘুরতে পারেন, সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। পর্যটন খাতে বদলের ১২ বছর উপলক্ষে বৃহস্পতিবার পর্যটন মন্ত্রক জানিয়েছে, দেশি-বিদেশি উভয় পর্যটকের জন্যই একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার বহুভাষিক টোল-ফ্রি হেল্পলাইন — নম্বর ১৩৬৩। যাত্রাপথে জরুরি পরিস্থিতি, অভিযোগ বা যেকোনও তথ্যের প্রয়োজনে এই নম্বরে ফোন করা যাবে। ভাষার বাধা যাতে কোনও পর্যটকের সমস্যার কারণ না হয়, সেজন্য সেবাটি ১২টি ভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে।
পাশাপাশি দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে বিশেষ ট্যুরিস্ট পুলিশ। গোয়া, কেরলম , রাজস্থান ও জম্মু ও কাশ্মীর সহ মোট ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বাহিনী এখন সক্রিয়। প্রতারণা ঠেকানো, পথ দেখানো এবং পর্যটকদের সঙ্গে কোনও দুর্ব্যবহার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই এই বিশেষ পুলিশ বাহিনীর মূল কাজ।
মন্ত্রকের বক্তব্য স্পষ্ট যে দেশের যেকোনও প্রান্তে গেলেই পর্যটক যেন অনুভব করেন, সাহায্য সবসময় হাতের কাছেই আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য