
পূর্ব বর্ধমান, ১১ জুন (হি. স.): পূর্ব বর্ধমানের গুসকরায় একটি সমবায় সমিতির মার্কেট কমপ্লেক্সের দীর্ঘদিনের তালাবদ্ধ ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সমবায় সমিতির মার্কেট কমপ্লেক্সের নীচের একটি ঘর দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওই ঘরে সরকারি ত্রাণসামগ্রী মজুত রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। প্রথমে ঘরের চাবির খোঁজ করা হলেও তা না পাওয়ায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়।অভিযোগ, ঘরের ভিতর থেকে প্রায় হাজারখানেক সরকারি ছাপযুক্ত ত্রিপল, শিশুদের স্কুল পোশাক, লুঙ্গি-সহ বিভিন্ন ধরনের পোশাক উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে উদ্ধার হওয়া সামগ্রী পুলিশের নজরদারিতে রাখা হয়।বিজেপির গুসকরা নগর মণ্ডল কমিটির সভাপতি দেবযানী গরাই অভিযোগ করেন, কয়েক বছর আগে তৎকালীন তৃণমূল বিধায়কের নির্দেশে ঘরটি দখল করে সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়