
কোরবা, ১১ জুন (হি.স.) : ছত্তিশগড়ের কোরবা জেলার বিভিন্ন বালির ঘাটে অবৈধ খনন ও পরিবহন রুখতে বিশেষ অভিযান চালাল খনিজ দফতর। বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে একটি খননযন্ত্র এবং তিনটি ট্র্যাক্টর আটক করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালেক্টর কুনাল দুদাওয়াতের নির্দেশ এবং উপ-পরিচালক, খনি প্রশাসনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। মূল উদ্দেশ্য বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলন বন্ধ রাখা, অবৈধ খননের উপর নিয়ন্ত্রণ জোরদার করা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারি রাজস্বের ক্ষতি রোধ করা।
বৃহস্পতিবার সকালে খনিজ দফতরের দুটি বিশেষ দল জেলার যোগিপালি, তারদা, কুদুরমাল, কাটবিতলা, ভৈঁসামুড়া, গিতারি, বাগদার, চিচোলি, ভিলাই খুর্দ, চুইয়া, কাছার, ঘামোটা, ধাওয়াইপুর, চারপাড়া এবং কুদমুরা এলাকার বৈধ বালুঘাটে আকস্মিক পরিদর্শন চালায়। অভিযানের সময় কুদমুরা বালির ঘাটে একটি খননযন্ত্র দিয়ে খনন চালাতে দেখা গেলে সেটি আটক করে সিল করে দেয় খনিজ দফতর। অন্যদিকে, ভিলাই খুর্দ এলাকায় অবৈধভাবে ইট পরিবহনকারী একটি ট্র্যাক্টর আটক করে থানায় রাখা হয়েছে। এছাড়া ডিঙ্গাপুর এলাকায় ইট ও মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের অভিযোগে আরও দুটি ট্র্যাক্টর আটক করে রামপুর থানার হেফাজতে রাখা হয়েছে।
খনিজ দফতর জানিয়েছে, ১০ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলার নদীগুলি থেকে বালি উত্তোলনের উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে। দফতরের স্পষ্ট বার্তা, অবৈধ খনন ও পরিবহনের বিরুদ্ধে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস