
মুর্শিদাবাদ, ১১ জুন (হি.স.): রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তৎপরতায় ভেস্তে গেল মাদক পাচারের ছক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে প্রায় ১৫২ কেজি মাদক (গাঁজা)-সহ দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিনোদ রায় এবং রেমান সিং। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানা এলাকার ওমরপুর মোড়ে ওঁৎ পেতে ছিলেন এসটিএফ-এর আধিকারিকেরা। একটি সন্দেহভাজন গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাস্থল থেকেই বিনোদ ও রেমানকে গ্রেফতার করা হয়। মাদক-সহ গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের মধ্যে বিনোদ রায়ের বাড়ি কলকাতার এন্টালি থানা এলাকায় এবং রেমান সিং বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই মাদক কোচবিহার থেকে আনা হচ্ছিল। পরিকল্পনা ছিল কলকাতার বাজারে চড়া দামে বিক্রি করার। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই ওমরপুর মোড়ে পুলিশের জালে ধরা পড়ে যায় তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ