
হিসার, ১১ জুন (হি.স.) : হরিয়ানার হিসার জেলার আজাদ নগর থানা এলাকার একটি নালায় মহিলার কাটা পা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যারাতে স্থানীয় বাসিন্দারা এই কাটা পা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। পুলিশ কাটা পা উদ্ধার করে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেহের অন্য অংশ খোঁজার চেষ্টা করে।
বৃহস্পতিবার আজাদ নগর থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কাছাকাছি থাকা মেডিক্যাল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র (মেডিক্যাল ওয়েস্ট প্ল্যান্ট) থেকে বৃষ্টির জলে ভেসে পা-টি সেখানে এসে থাকতে পারে। যদিও অন্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটা পায়ে আটকে থাকা সালোয়ারের কাপড়ের সূত্র ধরে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, উদ্ধার হওয়া অঙ্গটি সিভিল হাসপাতালে পাঠিয়ে পরীক্ষাও করা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আর্যনগর গ্রামে থাকা মেডিক্যাল বর্জ্য কেন্দ্রটি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। তাঁদের অভিযোগ, সেখান থেকে প্রায়ই দুর্গন্ধ ছড়ায় এবং ডাম্পিং স্টেশনে পড়ে থাকা চিকিৎসা বর্জ্য সময়মতো সরানো হয় না। এর ফলে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। বাসিন্দাদের দাবি, আবাসিক এলাকা থেকে দূরে ওই বর্জ্য কেন্দ্র স্থানান্তর করা হোক। তবে প্রশাসন দীর্ঘদিন ধরেই তাঁদের অভিযোগে কর্ণপাত করছে না বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস