
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): বুধবার থেকেই বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। চব্বিশ ঘণ্টার মধ্যেই সেই জল্পনায় জল ঢালল কংগ্রেস। এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে বৃহস্পতিবার উড়িয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ।
বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সব প্রদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এই বৈঠকে মূলত জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলিই প্রাধান্য পায়। বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানান, দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সাম্প্রতিক নিট কেলেঙ্কারি এবং অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেসময় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার জল্পনা প্রসঙ্গ উড়িয়ে তিনি স্পষ্ট করেন, এ দিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখানো হয়েছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দশকের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। যা আপনারা বলছেন, সেই সব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ