
হুগলি , ১১ জুন (হি.স.) : রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, তিন দিনব্যাপী এই জনকল্যাণ শিবির আরামবাগের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন গ্রহণ, অভিযোগ ও সমস্যার নিষ্পত্তি এবং প্রয়োজনীয় সরকারি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা সমীর ভান্ডারী, আরামবাগের মহকুমা শাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। শিবিরের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দফতরের সমন্বয়, পরিষেবা প্রদানের পদ্ধতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পৌরপিতা সমীর ভান্ডারী বলেন, “এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে এলাকার মানুষ এক জায়গায় বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পাবেন। তাই কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া এবং তাঁদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ হবে বলে আশা করছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA