
হুগলি , ১১ জুন (হি.স.) : হুগলির পুরশুড়া বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা আজিম মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে আদালত চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এসময় ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজিম মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষকে হুমকি দেওয়া, মারধর এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিন ধৃতকে আদালতে নিয়ে আসার সময় বিজেপি কর্মীদের একাংশ বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেফতারের ঘটনায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরশুড়ার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA