
হুগলি , ১১ জুন (হি.স.) : সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের ‘জনকল্যাণ শিবির’। সেই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পুরশুড়া ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা।
এদিন শিবিরের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
বৈঠকে জনকল্যাণ শিবিরের আয়োজন, বিভিন্ন সরকারি দফতরের সমন্বয়, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিষেবা প্রদানের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন গ্রহণ, অভিযোগ নিষ্পত্তি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং একাধিক সরকারি পরিষেবা এক ছাতার তলায় পৌঁছে দেওয়া হবে।
পরিদর্শনের সময় আধিকারিকরা শিবিরের সম্ভাব্য স্থান, পরিকাঠামো, নাগরিক সুবিধা এবং পরিষেবা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। শিবিরে আগত সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে এলাকার বহু মানুষ সরাসরি সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পাবেন। কর্মসূচিকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA