
হুগলি, ১১ জুন (হি.স.) : রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল ঘটক, তাঁর পুত্র এবং আরও কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার কাউন্সিলর শীতল ঘটক ও তাঁর পুত্রকে গ্রেফতার করেছে।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় শীতল ঘটক, তাঁর পুত্র এবং তাঁদের সহযোগীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়, তোলাবাজি, মারধর, ভয় দেখানো এবং ভাঙচুরের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর শীতল ঘটক ও তাঁর পুত্রকে গ্রেফতার করা হয়। মামলার আরও দুই অভিযুক্ত ইতিমধ্যেই রিষড়া থানার অন্য একটি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ধৃত কাউন্সিলর ও তাঁর পুত্রকে বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাঁদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে । পাশাপাশি বিচারবিভাগীয় হেফাজতে থাকা দুই অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়ায় ‘শো অ্যারেস্ট’ করে পুলিশি হেফাজতে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পুলিশের দাবি, তদন্ত এখনও চলছে। তদন্তে নতুন তথ্য বা প্রমাণ সামনে এলে মামলায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে কাউন্সিলর শীতল ঘটকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিক্ষোভকারীরা তাঁর উদ্দেশে ডিমও নিক্ষেপ করেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি গুপ্তকেও গ্রেফতার করেছিল পুলিশ। পরপর দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেফতারির ঘটনায় রিষড়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA