
হুগলি , ১১জুন (হি.স.): নারী স্বাস্থ্য সুরক্ষায় আরও এক পদক্ষেপ। আরামবাগের সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, জরায়ুমুখ ক্যানসারসহ একাধিক রোগ প্রতিরোধে এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং নারী স্বাস্থ্য রক্ষায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এলাকায় ব্যাপক সাড়াও পড়ে এদিন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক হেমন্ত বাগ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন একাধিক জনমুখী কর্মসূচি গ্রহণ করছে। এইচপিভি টিকাকরণ সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং জনকল্যাণমূলক কাজে তিনি সবসময় মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে পঞ্চায়েতের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচেতনতা ও জনকল্যাণমূলক এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA