
কলকাতা, ১১ জুন (হি. স. ) : নিজের বাড়ির সামনে আড়াই ঘণ্টা অপেক্ষা করিয়েও সিআইডি আধিকারিকদের মুখোমুখি হলেন না
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ নোটিস দেওয়া হল তাঁর অফিসের এক কর্মীকেই।
১৬ জুন তাঁকে এই মামলায় হাজিরা দিতে হবে সিআইডি দফতরে। তার আগে ১৪ জুন সই জাল মামলায় হাজিরা দিতে তাঁকে সিআইডি দফতরে যেতে হবে।
অবশেষে শুক্রবার সন্ধ্যায় মুখ খোলেন অভিষেক।
তিনি বলেন, ”বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরেই ভবানীভবনে সিআইডি-র অফিসে গিয়েছিলাম, সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। সহযোগিতা করেছি। সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। ৬টার আগে গিয়েছি। ১৪ তারিখ আবার যাব। আমি পালিয়ে যাইনি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু সহযোগিতা করা উচিত, তা করছি।”
তাঁর বক্তব্যের পর সিআইডি অফিসাররা ফের কালীঘাট রোডের বাড়িতে ঢুকে অপেক্ষা করেন অভিষেকের হাতে নোটিস তুলে দেওয়ার জন্য। কিন্তু তিনি তা স্বহস্তে নেননি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত