
কলকাতা, ১২ জুন (হি.স.): রাজ্য বিধানসভায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলের দুই নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করেছেন। শুক্রবার তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। নওসের আলি হলে এদিন প্রথম দফায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে জয়ী ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রার্থী দেবাংশু পন্ডা এবং হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী স্বাতী খন্দকার দুজনেই বাংলা ভাষায় শপথ গ্রহণ করেছেন।
আজ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সেই সঙ্গে বিধানসভা সচিবালয়ের অন্যান্য পদাধিকারীরা শপথ গ্রহণ পর্বের সংক্ষিপ্ত অনুষ্ঠানে যথারীতি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত, বাড়িতে এক দুর্ঘটনায় জখম হয়েছেন স্বাতী খন্দকার। চোট পেয়ে আহত হওয়া সত্ত্বেও তাঁর ডান পায়ে রয়েছে চিকিৎসা পরবর্তী সময়ের বিশেষ জুতো। সেই অবস্থাতেই বিধানসভায় হাজির হয়ে বিশেষ হুইলচেয়ারে বসে শপথ গ্রহণ করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত