
পাটনা, ১২ জুন (হি.স.) : বিতর্কিত শিক্ষক ফয়জল খান ওরফে ‘খান স্যর’ এবং জ্ঞানবিন্দু কোচিংয়ের কর্ণধার রোশন আনন্দকে ঘিরে সংঘর্ষ ও গুলিচালনার মামলায় শুক্রবার পাটনা জেলা ও দায়রা আদালতে রোশন আনন্দের জামিন আবেদনের শুনানি হয়। তবে মামলার জটিলতা ও নথি যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালত শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি রাখে।
জেলা ও দায়রা বিচারক রূপেশ দেবের আদালতে এদিন মামলাটি ওঠে। শুনানির সময় আদালত জানায়, সমস্ত তথ্য ও তদন্ত নথি বিস্তারিতভাবে খতিয়ে না দেখে জামিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। সেই কারণে কেস ডায়েরি ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
একই মামলায় জ্ঞানবিন্দু কোচিংয়ের দুই দেহরক্ষীর জামিন সংক্রান্ত শুনানি সম্পন্ন হয়েছে। বিচারক অনুরাগ বর্মা উভয় পক্ষের বক্তব্য শোনার পর রায় সংরক্ষিত রেখেছে। সেই রায় পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, অস্ত্র আইন ও খুনের চেষ্টা মামলায় অভিযুক্ত ফয়জল খান ওরফে খান স্যার ইতিমধ্যেই আদালত থেকে স্বস্তি পেয়েছেন। পাটনা সিভিল কোর্ট তাঁর গ্রেফতারের ওপর স্থগিতাদেশ দিয়েছে।
এদিকে, আদালতের শুনানিকে কেন্দ্র করে বাইরে আবারও দেখা যায় ছাত্রদের বিক্ষোভ। খান স্যারের কোচিং সেন্টারে হামলার মামলায় বিচারবিভাগীয় হেফাজতে থাকা রোশন আনন্দের মুক্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেন পড়ুয়ারা।
তাঁরা পাটনা কলেজ থেকে কারগিল চক পর্যন্ত মিছিল করার চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাখা হয় জলকামানও।
বিক্ষোভকারীদের দাবি, নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে জেলে রাখা উচিত নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা এবং সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২ জুন খান স্যারের কোচিং সেন্টারের বাইরে সংঘর্ষ ও গুলিচালনার অভিযোগে রোশন আনন্দকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য