
কলকাতা, ১২ জুন (হি. স.):-সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করতে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল ভারতবর্ষের সর্ববৃহৎ অরাজনৈতিক জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম । সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আশীষ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক, বরিষ্ঠ সহ-সভাপতি শান্তনু মুখার্জীসহ অন্যান্য নেতৃত্ব।সংগঠনের দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের কর্মরত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এবিআরএসএমের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে টেট পাশ করতে না পারলে বহু কর্মরত শিক্ষক বাধ্যতামূলক অবসরের মুখে পড়তে পারেন।রাজ্য সভাপতি আশীষ কুমার মণ্ডল বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকদের উপর হঠাৎ এই নিয়ম চাপিয়ে দেওয়া অন্যায্য এবং এতে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। বরিষ্ঠ সহ-সভাপতি শান্তনু মুখার্জীর দাবি, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে পূর্ববর্তী আইনি বিধানকে রায়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক জানান, এই সিদ্ধান্তে সারা দেশে প্রায় ২০ লক্ষ এবং পশ্চিমবঙ্গে প্রায় ৯০ হাজার শিক্ষক প্রভাবিত হতে পারেন। সংগঠনের পক্ষ থেকে আগামী ১৮ জুন দেশের প্রতিটি জেলা শাসকের দপ্তরে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন সংসদ অধিবেশনে আইন সংশোধনের দাবিও জানানো হয়েছে। দাবি পূরণ না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়