
গরুমারা, ১২ জুন (হি. স.):-ডুয়ার্স সফরে এসে গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অরণ্যের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর বৈচিত্র্য উপভোগ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সস্ত্রীক জঙ্গল সাফারিতে অংশ নিয়ে তিনি অরণ্যের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।জানা গিয়েছে, সফরকালে চাপরামারি বন বাংলোতে রাত্রিযাপন করেন মন্ত্রী। শুক্রবার ভোরে তাঁকে জঙ্গলের রাস্তা ধরে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়। পরে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চায়ের আড্ডায় অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তাও বলেন।এরপর তিনি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন গাছবাড়ি এলাকায় পৌঁছন। সেখানে বনদপ্তরের কুনকি হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারিতে অংশ নেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পুণা ভেঙরা।জঙ্গল সাফারির সময় বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল কাছ থেকে দেখার সুযোগ পান তাঁরা। হাতিদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি হাতিদের কলা খাইয়েও সময় কাটান মন্ত্রী। বনদপ্তরের পক্ষ থেকে হাতিদের আনুষ্ঠানিক পূজার ব্যবস্থাও করা হয়।এই সময় উপস্থিত ছিলেন বনদফতরের একাধিক আধিকারিক। ডুয়ার্সের প্রকৃতি, অরণ্য ও বন্যপ্রাণীর প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং পর্যটনের প্রসারে এ ধরনের সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়