কুনোতে চিতা পর্যবেক্ষণে নিযুক্ত প্রশিক্ষিত সার্ভিস ডগ জার্মান শেফার্ড–এর মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন
শ্যোপুর, ১২ জুন (হি.স.) : মধ্যপ্রদেশের শ্যোপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যানে চিতাদের গতিবিধি পর্যবেক্ষণের কাজে নিযুক্ত বিশেষভাবে প্রশিক্ষিত সার্ভিস ডগ জার্মান শেফার্ড–এর মৃত্যু হয়েছে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন কুনোর ডিএফও ও ডেপুটি ডিরেক্টর
কুনোতে চিতা পর্যবেক্ষণে নিযুক্ত প্রশিক্ষিত জার্মান শেফার্ড সার্ভিস ডগের মৃত্যু, তদন্তে একাধিক প্রশ্ন


শ্যোপুর, ১২ জুন (হি.স.) : মধ্যপ্রদেশের শ্যোপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যানে চিতাদের গতিবিধি পর্যবেক্ষণের কাজে নিযুক্ত বিশেষভাবে প্রশিক্ষিত সার্ভিস ডগ জার্মান শেফার্ড–এর মৃত্যু হয়েছে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন কুনোর ডিএফও ও ডেপুটি ডিরেক্টর আর. থিরুকুরল।

চিতাদের গতিবিধি অনুসরণ ও পর্যবেক্ষণের কাজে নিযুক্ত এই প্রাণীটি বন বিভাগের ট্র্যাকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

এদিন কুনোর ডিএফও ও ডেপুটি ডিরেক্টর আর. থিরুকুরল জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হৃদরোগের সম্ভাবনার কথা বলা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় স্তরে আবার অন্য একটি ধারণা ঘুরছে। টহলের সময় কোনও যানবাহনের ধাক্কায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বন দফতর এই বিষয়ে নিশ্চিত কিছু বলতে চাইছে না।

ময়নাতদন্ত হয়েছে বৃহস্পতিবার। রিপোর্ট আসার পরই চূড়ান্ত কারণ জানা যাবে বলে প্রশাসন সূত্রের দাবি।

এই ঘটনার পরে কুনোর চিতা প্রকল্পের ট্র্যাকিং ও নজরদারি ব্যবস্থাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। একটি ব্যবস্থার ভেতরে থাকা নির্ভরযোগ্য সহায়কের হঠাৎ মৃত্যু—সেই ব্যবস্থার প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande