ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে, প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ঝাড়গ্রাম, ১২ জুন (হি. স.): ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামচন্দ্রপুর এলাকায় ফের বুনো হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কাঙ্গালি নায়েক (৭০)। শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা
হাতির হানায় মৃত্যু


ঝাড়গ্রাম, ১২ জুন (হি. স.): ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামচন্দ্রপুর এলাকায় ফের বুনো হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কাঙ্গালি নায়েক (৭০)। শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কাঙ্গালি নায়েক। সেই সময় আচমকাই একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মুখোমুখি পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বৃদ্ধকে পায়ের নিচে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কাছাকাছি নদী পেরিয়ে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। সাম্প্রতিক সময়ে এলাকায় হাতির আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও বাড়ছে।বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, হাতির গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা, পর্যাপ্ত নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।খবর পেয়ে বনদফতর ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি হাতিটির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande