
কলকাতা, ১২ জুন (হি.স.): শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে শুক্রবার উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, শাড়ি, ত্রিপল, পুরসভার প্লাস্টিকের বালতি। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে সেগুলি খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল, অভিযোগ স্থানীয়দের।
এদিন খেলার মাঠের ঘর থেকে কম্বল, শাড়ি-সহ একাধিক জিনিস উদ্ধার হয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম। পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে হেফাজতে রয়েছেন তিনি। এবার সেই শ্রীভূমি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ ও ২০২৬ সালে ভক্তদের গঙ্গাসাগরের প্রসাদ দেওয়ার দায়িত্বে ছিলেন সুজিত বসু। কিন্তু সেই প্রসাদও দেওয়া হয়নি। ঘরের মধ্যে বস্তা বন্দি হয়ে যেমন পড়ে রয়েছে কম্বল, ত্রিপল, সুতির শাড়ি, তেমন বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে গঙ্গাসাগরের প্রসাদ ও কলসি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ