
নয়াদিল্লি, ১২ জুন (হি স)। ভারতীয় ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের অন্যতম সফল শুটার এবং কোচ জসপাল রানা মারা গিয়েছেন। শুক্রবার ৪৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১ জুন জার্মানির মিউনিখ থেকে ভারতে ফেরার সময় বিমানের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জসপাল রানা। আপৎকালীন অবস্থায় তাঁকে চিকিৎসা দেওয়া হয়। দিল্লিতে বিমান অবতরণের পর সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নিয়েছেন।
খেলোয়াড় হিসেবে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছিলেন, তেমনই কোচ হিসেবেও তিনি রেখে গিয়েছেন উজ্জ্বল ছাপ। প্যারিস অলিম্পিকে ভারতের তারকা শুটার মনু ভাকের যে জোড়া পদক জিতেছিলেন, তার পিছনে জসপাল রানার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি কালিকেশ নারায়ণ সিং দেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত