
মুম্বই, ১২ জুন (হি.স.): পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা থিতিয়ে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশীয় শেয়ার বাজার। ভূ-রাজনৈতিক উত্তাপ কমার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেলে ৯০ ডলারের নীচে নেমে এসেছে। এই দুই ঘটনাই শুক্রবার শক্তি জোগাল শেয়ার বাজারে। এদিন ডলারের সাপেক্ষে বিপুল উঠেছে টাকার দামও। প্রতি ডলার ৭৭ পয়সা নেমে হয়েছে ৯৫.০৮ টাকা।
পাশাপাশি, শুক্রবার সেনসেক্স এক লাফে ১৬৯৫.৪০ পয়েন্ট উঠে ফের ৭৫ হাজারের গণ্ডি পার করল। দিনের শেষে থামল ৭৫,৫২৭.৯৫ অঙ্কে। একই ভাবে নিফটি–৫০ সূচক ৪৬১.৩০ পয়েন্ট বেড়ে হল ২৩,৬২২.৯০ অঙ্ক। উল্লেখ্য, শুক্রবার দিনের শুরুতেই দেশীয় শেয়ার বাজারে দেখা গিয়েছিল উত্থান। এ দিন বাজার খোলার পর থেকেই প্রায় সব সেক্টরের শেয়ারেই চাঙ্গা ভাব লক্ষ্য করা গিয়েছিল, যা বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে। এ দিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স ৯৮১ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ বেড়ে ৭৪,৮১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে, এনএসই নিফটি–৫০ সূচক ২৭২ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে ২৩,৪৩৪ পয়েন্টে পৌঁছয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ