
হাওড়া, ১২ জুন (হি. স.):-পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করতে শুক্রবার দুপুরে হাওড়ার শালিমার কয়লা ডিপো এলাকায় ফের বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। অভিযানে বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক নির্মাণ ও দখলদারি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হলেও প্রশাসনের কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পোর্ট ট্রাস্টের মালিকানাধীন জমির একাংশ বেআইনিভাবে দখল করে বিভিন্ন ধরনের স্থায়ী ও অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেই দখলদারি সরাতেই এদিনের অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই এলাকায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা মোতায়েন ছিলেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ বাহিনী রাখা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।অভিযান চলাকালীন একের পর এক বেআইনি কাঠামো ভেঙে ফেলা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি ও পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালানো হবে। প্রয়োজনে আরও এলাকায় উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হতে পারে।এদিকে উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। তবে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। পোর্ট ট্রাস্টের জমি পুনরুদ্ধারে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়