
হাওড়া, ১২ জুন (হি. স.):-যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে হাওড়া স্টেশনে বিশেষ ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান চালাল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। শুক্রবার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাহুল রঞ্জনের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে রেল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ব্যাপক তল্লাশি ও টিকিট পরীক্ষা করা হয়।অভিযানে ৪৯ জন টিকিট পরীক্ষক, ৪ জন রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মী এবং ৩ জন সরকারি রেল পুলিশ (জিআরপি) সদস্য অংশ নেন। রেল কর্তৃপক্ষের দাবি, টিকিটবিহীন ও অননুমোদিত যাত্রা রোধ করে প্রকৃত যাত্রীদের স্বার্থ রক্ষা এবং স্টেশন ও ট্রেনে শৃঙ্খলা বজায় রাখাই ছিল এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য।অভিযান চলাকালীন মোট ৬২৪টি অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ৫৩৫টি টিকিটবিহীন যাত্রার ঘটনা, ৬০টি বুকিংবিহীন লাগেজ বহনের ঘটনা এবং ২৯টি নোংরা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বিধি লঙ্ঘনের ঘটনা রয়েছে।রেল আধিকারিকরা যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার পাশাপাশি স্টেশন ও ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়, যার মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, ট্রেন সংক্রান্ত তথ্য এবং খাবার অর্ডারসহ বিভিন্ন পরিষেবা পাওয়া যায়।হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান, সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়