
সাঁকরাইল, ১২ জুন (হি. স.):-সরকারি ত্রাণসামগ্রী মজুত থাকার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সাঁকরাইলের বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে প্রশাসনের উপস্থিতিতে একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু ত্রিপল উদ্ধারের দাবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দরগাতলা এলাকায় সরকারি সামগ্রী বোঝাই একটি গাড়িকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। সামগ্রীগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসকের নির্দেশ সংক্রান্ত নথি দেখানো হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।এরপর বিক্ষোভকারীরা সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালের সঙ্গে যুক্ত বলে পরিচিত একটি গোডাউন ও গ্যারেজে তল্লাশির দাবি জানান। প্রশাসনের উপস্থিতিতে প্রথমে সারেঙ্গা দর্জিপাড়ার একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের দাবি, সেখান থেকে বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়েছে। পরে হিরাপাড়া এলাকার একটি গ্যারেজেও তল্লাশি চালিয়ে কিছু ত্রিপল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা বিধায়কের বাড়ির সামনেও জড়ো হয়ে তল্লাশির দাবি তোলেন। প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একটি সংলগ্ন ঘরে তল্লাশি চালিয়ে কয়েকটি বস্তাভর্তি দলীয় পতাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন গোটা ঘটনার উপর নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়