
কলকাতা, ১২ জুন (হি. স.) : বহরমপুর কোর্ট স্টেশনে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা চালু করল পূর্ব রেল। এই প্রযুক্তিগত আধুনিকীকরণের ফলে ট্রেন পরিচালনা আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলে শুক্রবার রেল সূত্রে জানা গিয়েছে। নতুন ব্যবস্থায় পুরনো ম্যানুয়াল সিগন্যালিংয়ের পরিবর্তে ডিজিটাল ইলেকট্রনিক ইন্টারলকিং চালু হয়েছে। এর ফলে ট্রেন চলাচলে মানুষের ভুলের আশঙ্কাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। স্টেশনের বাইরে ট্রেন দাঁড়িয়ে থাকার মতো অপ্রত্যাশিত বিলম্ব দূর হবে।
একইসঙ্গে স্টেশনের পরিকাঠামোও সম্প্রসারিত হয়েছে। তৈরি হয়েছে তিনটি নতুন কমন লুপ লাইন। এর পাশাপাশি বিদ্যমান দুটি লাইনের দৈর্ঘ্যও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই স্টেশনের অপারেশনাল রুটের সংখ্যা ২৫ থেকে বেড়ে ৫০ হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক এক্সেল কাউন্টার, নতুন পয়েন্ট মেশিন, উন্নত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নি সতর্কীকরণ প্রযুক্তি যুক্ত হয়েছে এই প্রকল্পে। লেভেল ক্রসিং গেটগুলিতেও বসানো হয়েছে নতুন বৈদ্যুতিক ব্যারিয়ার। সেই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি শুক্রবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে, - এগুলি যাত্রীদের জন্য আরও নিরাপদ, সময়নিষ্ঠ ও নির্ভরযোগ্য রেল পরিষেবা নিশ্চিত করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত