
কলকাতা, ১১ জুন (হি. স. ) : বেআইনিভাবে যাঁরা ফুটপাথ দখল করে ব্যবসা করছেন, তাঁদের উচ্ছেদ চলবেই। কেন্দ্রের সাফল্যের এক যুগপূর্তিতে শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠকে সেকথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, “ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথ জবরদখল করার অধিকার কারও নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, যেখানে জনগণের কোনও প্রয়োজন নেই, সেখানে বৈধ-অবৈধভাবে যদি বসে থাকেন, তবে মানবিকভাবে দেখব। কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর, মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি জনগণ। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাথ এটা দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে
জনগণ ভোট দিয়ে জিতিয়েছে। বিজেপি ও বিধায়করা মুখ্যমন্ত্রী করেছেন। আমি জনগণের প্রতি দায়বদ্ধ।”
যাঁরা স্রেফ রাজনীতির স্বার্থে হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে শুভেন্দুবাবু বলেন, “জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে। কোনও মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত