
কলকাতা, ১২ জুন (হি. স. ) : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না-থাকা সত্ত্বেও গত ১২ বছরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গকে কত টাকা দিয়েছে এবং ইউপিএ জমানার চেয়ে তা কতটা বেশি, সে হিসাব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষেই মূলত সাংবাদিক সম্মেলন ডাকা হয়। গত ১২ বছরে মোদী সরকার কত রকমের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, কোন কোন প্রকল্পে কত মানুষ উপকৃত হয়েছেন, সে সবের বিশদ খতিয়ান মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
তৃণমূল জমানায় একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে পশ্চিমবঙ্গে চালু হতে না-দেওয়া, একাধিক প্রকল্পের তহবিল লুট করে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করায় বিভিন্ন খাতে গত এক মাসে কেন্দ্র কত টাকা বরাদ্দ করে দিয়েছে, তা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী তোলেন ‘মনরেগা’ (১০০ দিনের কাজ) প্রকল্পের কথা। সে প্রকল্পের আয়ু আর মাত্র সপ্তাহ তিনেক।
তার পরে বিকল্প হিসাবে ‘জিরামজি’ (১২৫ দিনের কাজ) প্রকল্প চালু হবে। কিন্তু এই অল্প সময়ের জন্যও ‘মনরেগা’ খাতে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য ৭০০ কোটি টাকা মঞ্জুর করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। আর ‘জিরামজি’ প্রকল্পে অর্থবর্ষের বাকি সময়টুকুর জন্য ৫,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত