
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ওমান উপসাগর অঞ্চলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত কূটনীতিক জেসন মিক্সকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার বিদেশ মন্ত্রকে তলব করা হয়। মন্ত্রক সূত্রে জানা গেছে, তিনি প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বেসামরিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ “অগ্রহণযোগ্য” এবং এটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।
মন্ত্রক আরও জানায়, মার্কিন কূটনীতিককে বলা হয়েছে ভারতের উদ্বেগ যথাযথভাবে তাঁদের সরকারের কাছে পৌঁছে দিতে হবে এবং এই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী যেন বেসামরিক প্রাণহানি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত চার দিনে লোহিত সাগর অঞ্চলে ভারতীয় নাবিকবাহী তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পালাউ পতাকাবাহী ট্যাঙ্কার ‘সেত্তেবেলো’ এবং ‘মেরিভেক্স’-এ হামলার পাশাপাশি বৃহস্পতিবার ‘এমটি জলবীর’-এও হামলা হয়।
‘সেত্তেবেলো’ জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক—ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পি. সুরেশ—নিহত হন।
এর আগেও বুধবার একই ইস্যুতে মার্কিন কূটনীতিককে তলব করে ভারত কড়া প্রতিবাদ জানিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য