
মেদিনীপুর, ১২ জুন (হি.স.): প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হলো। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশিকায় জেলার বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ির ওসি ও ভারপ্রাপ্ত আধিকারিকদের অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রদবদলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি ঘটেছে ঘাটাল থানায়। নারায়ণগড় থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর তিমির লেটকে ঘাটাল থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে নির্বাচনের সময়ে তিনি খড়ার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন। এবার মাত্র কয়েক মাসের ব্যবধানে তাঁর ওপর ঘাটালের মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব অর্পণ করা হলো।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা জুড়ে মোট ১০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে এবং তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যান্য প্রধান বদলিগুলির মধ্যে, পরিমল কুম্ভকারকে পিরাকাটা পুলিশ ফাঁড়ির আইসি পদ থেকে সরিয়ে কলাইকুন্ডা বিএইচ-এর দায়িত্বে আনা হয়েছে। অন্যদিকে কলাইকুন্ডা বিএইচ থেকে সঞ্জয় হাজরাকে বদলি করে আনন্দপুর থানার ওসি করা হয়েছে। আনন্দপুর থানার বর্তমান ওসি গোবর্ধন সাহুকে পাঠানো হয়েছে নারায়ণগড় থানার ওসির দায়িত্বে। ঘাটাল থানার বিদায়ী ওসি মৃণাল কান্তি সিকদারকে বদলি করা হয়েছে দাসপুর ট্রাফিক গার্ডে।
পাশাপাশি, শুভঙ্কর রায়কে সবং থানা থেকে সরিয়ে গড়বেতা থানার ওসি করা হয়েছে এবং গড়বেতার বিদায়ী ওসি চিন্ময় প্রামাণিক খড়গপুর (লোকাল) থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। জরগেড়িয়া পুলিশ ফাঁড়ি থেকে সৌমেন্দু বেরাকে সবং থানার ওসি পদে আনা হয়েছে এবং সবং থানা থেকে সুভাষ চক্রবর্তীকে পাঠানো হয়েছে জেরাগেড়িয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে। এছাড়া সুদর্শন জানাকে কেশপুর থানা থেকে স্থানান্তরিত করে পিরাকাটা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জারি করা ওই সরকারি আদেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বদলি হওয়া সমস্ত পুলিশ আধিকারিককে ১২ জুন ২০২৬ তারিখের মধ্যেই নিজেদের নতুন পদে যোগ দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি