
ফতেহপুর, ১২ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুরে উদ্ধার এক মহিলার মৃতদেহ। ফতেহপুরের খাগা থানার অন্তর্গত এলাকায় শুক্রবার ওই মহিলার দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইস্কুরী গ্রামের এক ধাবার কাছে অবস্থিত ওভারব্রিজ লিংক রোডের ওপর ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের চেহারার বিবরণ দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয় , মৃতের গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা মাঝারি। তার পরনে ছিল মেরুন রঙের ওপর সাদা সুতোর কাজ করা কুর্তা। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক