
হুগলি , ১২ জুন (হি.স.) : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত গোঘাটের ঐতিহ্যবাহী ভগবতী বালিকা বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হল নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান। নতুন ছাত্রীদের স্বাগত জানানো এবং তাদের শিক্ষাজীবনের পথচলাকে উৎসাহিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের আবহ পায়।
নবীন ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত দিগার বলেন, শিক্ষা সমাজ ও দেশ গঠনের অন্যতম প্রধান শক্তি। পড়াশোনার মাধ্যমে ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষার পরিবেশ ও পরিকাঠামো আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, নবীনবরণ অনুষ্ঠান নতুন ছাত্রীদের বিদ্যালয়ের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA