শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
শিলিগুড়ি, ১৩ জুন (হি.স.) : শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ফাঁসিদেওয়া এলাকায় নিজের বাড়ি থেকেই ত
শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ


শিলিগুড়ি, ১৩ জুন (হি.স.) : শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ফাঁসিদেওয়া এলাকায় নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও স্তব্ধতার পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইনুল হক ফাঁসিদেওয়া অঞ্চলের অত্যন্ত সুপরিচিত ও দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ইতিপূর্বে তিনি বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের একটি গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষের পদে আসীন ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা ও তার জেরে তৈরি হওয়া মানসিক অবসাদের কারণেই তিনি এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।

ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া হাসপাতালে পাঠায়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে প্রিয় নেতার আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাসভবনের সামনে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয় মানুষ ভিড় জমাতে শুরু করেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রসঙ্গত, আইনুল হকের রাজনৈতিক জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। সিপিআই(এম) এবং কংগ্রেসের হাত ধরে তাঁর রাজনৈতিক সফর শুরু হলেও পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দলের প্রথম সারির নেতা হয়ে ওঠেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে ফাঁসিদেওয়া থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সব দিক খতিয়ে দেখে বিশদ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande