
বীরভূম, ১৩ জুন (হি.স.): পারিবারিক অশান্তির জেরে ধুন্ধুমার পরিস্থিতি বীরভূম জেলার নানুরের কুমিরা গ্রামে। শুক্রবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, কুমিরা গ্রামের বাসিন্দা সুবীর প্রধান বছর দু'য়েক আগে বিয়ে করেন গ্রামেরই এক তরুণীকে। সুবীর জানান, বিয়ের পরেই তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি শুরু হয়। শেষমেষ গত বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া মেনে বিবাহ বিচ্ছেদও হয় বলে জানান তিনি। সুবীরের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে তাঁর প্রাক্তন স্ত্রীর বাবা হারাধন পাল লোকজন নিয়ে তাঁর বাড়িতে এসে বোমাবাজি, ভাঙচুর করেন, এমনকি তাঁর কাকার খড়ের গাদা ও পিসিমার একটি গোয়ালঘরের ছাউনিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ।
অন্য দিকে, অভিযুক্ত হারাধন পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।গত রাতের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ মিথ্যে। রাতেই নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণেও আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ