
কলকাতা, ১৩ জুন (হি. স.): আসন্ন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে। ভারতের আয়ুষ মন্ত্রক বিশ্বের বৃহত্তম একক লাইভ যোগ অনুষ্ঠানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে।এবারের যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘যোগা ফর হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা। আয়ুষ মন্ত্রকের মতে, নিয়মিত যোগাভ্যাস শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক স্বচ্ছতা এবং আবেগগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আগামী ১৪ জুন সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত এই অনলাইন যোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়ুষ মন্ত্রকের সরকারি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ১৮০০ ৩১৫ ৭০০৮ নম্বরে একটি মিসড কল দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সফলভাবে নিবন্ধনের পর অংশগ্রহণকারীরা কমন যোগা প্রোটোকল অনুসরণ করে নির্দিষ্ট সময়ে যোগাভ্যাসে অংশ নিতে পারবেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলে নিবন্ধিত নম্বরে বিশ্বরেকর্ড প্রচেষ্টায় অংশগ্রহণের শংসাপত্রও প্রদান করা হবে। আয়োজকদের পক্ষ থেকে সকলকে এই ঐতিহাসিক উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়