
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমান উপকূলে মার্কিন সামরিক অভিযানে নিহত ভারতীয় নাবিকদের মরদেহ দেশে ফেরার পর কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে তিনি বলেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনও প্রকাশ্য বিবৃতি বা শোকবার্তা আসেনি।
খাড়গে লিখেছেন, “দেশ অপেক্ষা করছিল, মোদীজি।” তাঁর অভিযোগ, “দেশ নেহি ঝুকনে দুঙ্গা” বললেও বর্তমান সরকারের বিদেশনীতি ভারতের আন্তর্জাতিক মর্যাদা ও সার্বভৌম অবস্থানকে খাটো করেছে।
কংগ্রেস সভাপতির দাবি, জাতীয় স্বার্থের সঙ্গে প্রতিনিয়ত আপস করা হচ্ছে, অথচ সরকার তা ‘বিশ্বগুরু’ তত্ত্বের আড়ালে ঢাকার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত তখনই প্রকৃত অর্থে ‘বিশ্বগুরু’ ছিল, যখন দেশ কৌশলগত স্বাধীনতা বজায় রেখে জোটনিরপেক্ষ নীতি অনুসরণ করত এবং আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন অবস্থান ধরে রাখত।
খাড়গে আরও বলেন, বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে ভারতীয় নাগরিকদের জীবন ও নিরাপত্তাকে কখনওই গৌণ বিষয় হিসেবে দেখা যায় না। তাঁর কথায়, এই ঘটনার বহু প্রশ্ন এখনও উত্তরহীন এবং নীরবতা কোনওভাবেই জবাবদিহির বিকল্প হতে পারে না।
পোস্টের শেষে তিনি বলেন, “দেশ স্পষ্ট ব্যাখ্যা চায় এবং নিহত নাবিকদের পরিবার ন্যায়বিচারের দাবিদার।”
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্র সরকার যেন গোটা ঘটনার বিষয়ে দেশের সামনে স্পষ্ট অবস্থান তুলে ধরে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য