
কলকাতা, ১৪ জুন (হি.স.): তৃণমূলের অন্দরে মাথাচাড়া দেওয়া ‘বিদ্রোহী’ সাংসদদের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২-এ| রবিবার দিল্লির বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই বিস্ফোরক দাবি করলেন ‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম মুখ তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন বিদ্রোহী সাংসদরা। তার আগে রবিবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে। ১৪ জন সাংসদের সই দিয়ে যে বিদ্রোহী ব্লকের খাতা খুলেছিল, পরের ধাপে আরও ৫ জন সই করেন। সংখ্যা হয় ১৯। এর পরে শনিবারই দেখা যায়, শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে করে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাংসদ হিসেবে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনিও বিদ্রোহী ব্লকে নাম লেখান। ফলে এই মুহূর্তে সংখ্যাটা ২০। এদিকে, রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, তালিকায় আরও আছেন। ধরে নিন আরও ২-১ জন আসবেন। আমি ২০ বলেছিলাম, সেটা আসলে ২২।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামো। প্রথমে বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হওয়ার পর এবার লোকসভার সংসদীয় দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আগামী সোমবার স্পিকারের সঙ্গে এই ২২ জন সাংসদের বৈঠকের পর জাতীয় রাজনীতিতে জোড়াফুলের ভবিষ্যৎ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ