
গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, অসমের উদ্যোগে এবং কটন বিশ্ববিদ্যালয়, উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় এবং উত্তরপূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয় (নেহু)-এর যৌথ সহযোগিতায় এক শিক্ষামূলক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় আলোচনাচক্ৰ।
জাতীয় আলোচনাচক্ৰে ‘পরম্পরা থেকে পরিবর্তনের পথে : আধুনিক শাসন ব্যবস্থায় ভারতীয় ইতিহাস ও ভারতীয় জ্ঞান পরম্পরার সংমিশ্রণ’ শীর্ষক বিষয়ের ওপর তিনদিন চলবে বিচার-বিশ্লেষণ। বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের এই যুগে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক শিকড় এবং ঐতিহ্যবাহী জ্ঞানকে আধুনিক শাসন ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং সামাজিক জীবনের সঙ্গে কীভাবে একীভূত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তিনদিনের সম্মেলনে।
আলোচনা সভার উপ-বিষয়গুলি যথাক্রমে (১) ভারতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার : ভারতীয় জ্ঞান পরম্পরা ও সাংস্কৃতিক মূল্যবোধের অনুসন্ধান। (২) বৈচিত্র্যের মধ্যে ঐক্য : সমসাময়িক ভারতে সামাজিক সমরসতার ভূমিকা। (৩) স্বদেশী ভাবনার জাগরণ : সাংস্কৃতিক গৌরব ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা। (৪) পারিবারিক প্রবোধন : সামাজিক পরিবর্তনের অনুঘটক হিসেবে পরিবারের ভূমিকা। (৫) নাগরিক কর্তব্য : আধুনিক ভারতে দায়িত্বশীল নাগরিকত্বের বিকাশ। (৬) পরিবেশ সংরক্ষণ : ভারতীয় পরম্পরা ও সংস্কৃতি থেকে প্রাপ্ত শিক্ষা। (৭) ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও সংবিধান : টেকসই ভবিষ্যৎ এবং ভারতীয় পরিচয়ের ভিত্তি। (৮) প্রাচীন জ্ঞানের প্রয়োগ : আধুনিক চ্যালেঞ্জগুলির সঙ্গে প্রাচীন জ্ঞানের সংমিশ্রণ এবং (৯) জাতীয় উন্নয়ন : নাগরিক দায়িত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে জাতীয় বিকাশ।
এক বিবৃতিতে আলোচনাচক্রের আহ্বায়ক মণ্ডলী জানিয়েছে, উপস্থাপনার শ্রেণি হবে মৌখিক অথবা পোস্টার উপস্থাপন। সম্মেলনে অফলাইন ও অনলাইন, দুই মাধ্যমেই অংশগ্রহণ করা যাবে। অনলাইন অংশগ্রহণকারীদের জন্য লিংক পরে জানানো হবে।
সম্মেলনে অংশগ্রহণ করবেন শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ছাত্রছাত্রী, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমাজকর্মী, নীতি নির্ধারক এবং সরকারি আধিকারিকরা।
আলোচনা সভায় অংশগ্রহণের জন্য পঞ্জিয়ন ফি-ও নির্ধারণ করা হয়েছে। শিক্ষাবিদ / বিজ্ঞানীদের জন্য এক হাজার (১,০০০) টাকা, গবেষক ছাত্রছাত্রীদের জন্য ৫০০ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য ২০০ টাকা। মাশুল পাঠানোর জন্য ব্যাংকের বিবরণও দেওয়া হয়েছে। Bharatiya Itihas Sankalan Samiti, Assam, অ্যাকাউন্ট নম্বর 09090100001824, IFSC কোড : BARB0ATROAD, Bank of Baroda, AT Road Branch Guwahati.
গুরুত্বপূর্ণ তারিখসমূহ : ১) সারাংশ (Abstract) জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন (২০২৬), (২) মনোনয়নের বিজ্ঞপ্তি (Notification of Acceptance) ২১ জুন (২০২৬), (৩) পূর্ণাঙ্গ গবেষণা পত্র (Full Paper) জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন (২০২৬), (৪) পঞ্জিয়নের শেষ তারিখ ১৫ জুলাই (২০২৬) এবং (৫) আলোচনাসভার মূল দিন ১৭, ১৮ এবং ১৯ জুলাই (২০২৬)
https://forms.gle/D3iAAPE7EyXdbWqC7 ওয়েবসাইট থেকে অনলাইন পঞ্জিয়নের ফর্ম পাওয়া যাবে। সারাংশ / প্রবন্ধ পাঠানোর ইমেইল itihas2026@gmail.com, যে কোনও তথ্যের জন্য itihasassam@gmail.com-এ যোগাযোগ করা যাবে বলে জাতীয় আলোচনাচক্রের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস