
হুগলি , ১৪জুন (হি.স.): গ্রিন সিটি কাণ্ডে গ্রেফতার হওয়া আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে ঘিরে রবিবার আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে দেখতে ভিড় জমায় বহু মানুষ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাজুড়ে রণক্ষেত্রের চেহারা নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশি নিরাপত্তায় স্বপন নন্দীকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তাঁর গাড়ি ঘিরে ফেলে। অভিযোগ, তাঁকে গাড়ি থেকে নামিয়ে ডিম ও কালি ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পুলিশকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত স্বপন নন্দীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করে। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। এতে সাধারণ মানুষ, মহিলা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর, যদিও আহতের সঠিক সংখ্যা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
গ্রিন সিটি কাণ্ডে স্বপন নন্দীর গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA