কুদানকুলম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পঞ্চম ইউনিটে গুরুত্বপূর্ণ সাফল্য, বসানো হল রিঅ্যাক্টর প্রেসার ভেসেল
তিরুনেলভেলি, ১৮ জুন (হি.স.): তামিলনাড়ুর কুদানকুলম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (কেকেএনপিপি) পঞ্চম ইউনিট নির্মাণে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারত। ইউনিট-৫-এর রিঅ্যাক্টর ভবনের ভিতরে সফলভাবে স্থাপন করা হয়েছে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপি
কুদানকুলম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পঞ্চম ইউনিটে গুরুত্বপূর্ণ সাফল্য, বসানো হল রিঅ্যাক্টর প্রেসার ভেসেল


তিরুনেলভেলি, ১৮ জুন (হি.স.): তামিলনাড়ুর কুদানকুলম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (কেকেএনপিপি) পঞ্চম ইউনিট নির্মাণে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারত। ইউনিট-৫-এর রিঅ্যাক্টর ভবনের ভিতরে সফলভাবে স্থাপন করা হয়েছে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি)। এই স্থাপনার মাধ্যমে নতুন রিঅ্যাক্টর চালুর পথে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল।

বৃহস্পতিবার ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল) জানিয়েছে, ৩২০ টন ওজনের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি পরমাণু শক্তি নিয়ন্ত্রক পর্ষদের (এইইআরবি) প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বিশেষ ভারী উত্তোলনকারী ক্রেন এবং অত্যাধুনিক প্রকৌশল প্রযুক্তির সাহায্যে সফলভাবে রিঅ্যাক্টর ভবনের নির্ধারিত স্থানে বসানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘হৃদপিণ্ড’ হিসেবে পরিচিত এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের মধ্যেই থাকে রিঅ্যাক্টরের মূল অংশ বা ‘রিঅ্যাক্টর কোর’। এখানেই পারমাণবিক বিভাজন (নিউক্লিয়ার ফিশন) প্রক্রিয়ার মাধ্যমে বিপুল তাপ উৎপন্ন হয়, যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ফলে এই ভেসেল স্থাপনকে গোটা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এনপিসিআইএল জানিয়েছে, আরপিভি স্থাপনের মাধ্যমে এখন নিউক্লিয়ার স্টিম সাপ্লাই সিস্টেম (এনএসএসএস)-এর মূল যন্ত্রাংশ স্থাপনের কাজ শুরু হবে। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এই পর্যায়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির অন্যতম বলে মনে করা হয়।

সংস্থার মতে, এই সাফল্য কুদানকুলম প্রকল্পের পঞ্চম ও ষষ্ঠ ইউনিটের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলারই প্রতিফলন। একই সঙ্গে এটি ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহযোগিতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট শুরু থেকেই কুদানকুলম প্রকল্পে প্রযুক্তিগত ও প্রকৌশলগত সহায়তা দিয়ে আসছে। প্রকল্পে স্থাপিত ভিভিইআর-১০০০ প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরগুলিও রুশ প্রযুক্তির ভিত্তিতেই নির্মিত হচ্ছে।

তিরুনেলভেলি জেলায় অবস্থিত কুদানকুলম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ১৯৮৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তির ভিত্তিতে এই প্রকল্পের সূচনা হয়। যদিও নির্মাণকাজ গতি পায় ২০০০-এর দশকের গোড়ার দিকে। প্রকল্পে মোট ছয়টি ভিভিইআর-১০০০ প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট।

বর্তমানে প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সেগুলি দক্ষিণ ভারতের বিদ্যুৎ গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এনপিসিআইএলের তথ্য অনুযায়ী, এই দুই ইউনিট চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই প্রায় ১৩০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনায় আনুমানিক ১১ কোটি ২০ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে তৃতীয় ও চতুর্থ ইউনিটের নির্মাণকাজও শেষ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে পঞ্চম ও ষষ্ঠ ইউনিটের কাজও দ্রুত এগিয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, পঞ্চম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের ফলে পরবর্তী যন্ত্রাংশ স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম এবং কমিশনিংয়ের কাজ আরও দ্রুত এগোবে। এর ফলে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande