
আইজল, ১৮ জুন (হি.স.) : মিজোরামের একমাত্র রাজ্যসভা আসনের নির্বাচনে ক্ষমতাসীন ‘জোরাম পিপলস মুভমেন্ট’ (জেডপিএম)-এর মুখপাত্র তথা দলের প্ৰাৰ্থী কে লালতলুয়াংকিমা বিজয়ী হয়েছেন।
মিজোরাম বিধানসভার মোট ৪০ জন সদস্যের মধ্যে ৩৬ জন ভোট প্রদান করেছেন। ভোটদানে বিরত ছিলেন চারজন। নির্বাচনে কে লালতলুয়াংকিমা ২৬টি ভোট পেয়ে এমএনএফ প্রার্থী জোথানসাং মার-কে পরাজিত করে রাজ্যসভায় মিজোরামের প্রতিনিধিত্ব করার অধিকার অর্জন করেছেন।
রাজ্যসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দলের প্রার্থী কে লালতলুয়াংকিমার বিজয়ে জেডপিএম সন্তোষ প্রকাশ করেছে। ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত মিজোরামের রাজ্যসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া কে লালতলুয়াংকিমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মিজোরাম ও রাজ্যের জনগণের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জেডপিএম আশা ব্যক্ত করেছে। দল বলেছে, ভোটদানকারী তাঁদের সকল বিধায়ক দলের আনুষ্ঠানিক প্রার্থীকে সমর্থন করে পাৰ্টির ঐক্য ও অভ্যন্তরীণ সহযোগিতার দৃঢ়তার প্রতিফলন ঘটিয়েছেন।
তবে খেদ ব্যক্ত করে জেডপিএম বলেছে, দুই বিজেপি বিধায়ক এবং একজন কংগ্রেস বিধায়কের ভোটদান থেকে বিরত ছিলেন। এতে তাঁদের গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় বহন করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস