
গ্যাংটক, ১৮ জুন (হি.স.) : বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে ফের ধস নামল শিলিগুড়ি-সিকিম যোগাযোগের প্রধান মাধ্যম ১০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার ভোরে সিংতাম ও রংপোর মাঝে বারডাং-এর কাছে রাস্তার একটি বড় অংশ ধসে তিস্তা নদীতে তলিয়ে গেছে। এছাড়া সিংতাম টানেল এলাকা, এটিটিসি কলেজ এবং ২০ মাইলের কাছাকাছি রাস্তা ধসের কারণে সম্পূর্ণ বন্ধ।
এর জেরে সমস্যায় পড়েছেন বহু পর্যটক ও নিত্যযাত্রী। ধস সরাতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্পূর্ণ আবহাওয়ার ওপর নির্ভর করছে। সিকিম প্রশাসনের তরফে শিলিগুড়ি, রংপো অথবা অন্য গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সড়কপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের গ্যাংটক, রংপো অথবা শিলিগুড়ি যাতায়াতের জন্য ঘুরপথে তিনটি বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ