এনএসডিতে ‘ফরেন ইনপুট প্রোগ্রাম’-এর সূচনা, ভারত-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় নতুন দিগন্ত
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে নয়াদিল্লির জাতীয় নাট্য বিদ্যালয় (এনএসডি)-তে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশেষ ‘ফরেন ইনপুট প্রোগ্রাম’। তিন বছরের ডিপ্লোমা কোর্সের শেষ
এনএসডিতে ‘ফরেন ইনপুট প্রোগ্রাম’-এর সূচনা, ভারত-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় নতুন দিগন্ত


নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে নয়াদিল্লির জাতীয় নাট্য বিদ্যালয় (এনএসডি)-তে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশেষ ‘ফরেন ইনপুট প্রোগ্রাম’। তিন বছরের ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মসূচির উদ্দেশ্য আন্তর্জাতিক মানের নাট্যশিল্পী ও প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া, যাতে তাঁরা বিশ্ব নাট্যচর্চার নানা ধারা, অভিনয়রীতি ও সৃজনশীল পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারেন।

এনএসডি সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী ডায়ানা আলিপোভা, ভারতে রুশ দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর ইউলিয়া আর্যেভা, বিশিষ্ট শিল্পী এবং নাট্যজগতের একাধিক প্রতিনিধিও।

এনএসডি এবং মস্কোর রাশিয়ান ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (জিআইটিআইএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রথম দিনেই দর্শকদের জন্য মঞ্চস্থ হয় দুটি উল্লেখযোগ্য নাটক। এর মধ্যে ছিল লেখিকা এলেনা ইসায়েভা রচিত এবং নাতালিয়া শুরগানোভা পরিচালিত ‘দ্য কোর্টইয়ার্ড অ্যাজ এ ভ্যানিশিং স্পিসিজ’। পাশাপাশি রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি-র বিখ্যাত নাটক ‘গ্রোজা’ (দ্য থান্ডারস্টর্ম)-এর হিন্দি রূপান্তর ‘দ্য স্টর্ম’ মঞ্চস্থ হয়। নাটকটি পরিচালনা করেছেন আলেকজান্ডার খুখলিন এবং এর হিন্দি অনুবাদ করেছেন এনএসডির প্রাক্তন ছাত্র ও নাট্যশিল্পী অমিতাভ শ্রীবাস্তব।

ভলগা নদীর তীরে অবস্থিত কাল্পনিক শহর কালিনভ-কে কেন্দ্র করে গড়ে ওঠা ‘দ্য স্টর্ম’ নাটকের মূল চরিত্র ক্যাটেরিনা—এক সংবেদনশীল, গভীর আধ্যাত্মিক চেতনার তরুণী, যিনি পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, কঠোর পারিবারিক নিয়ন্ত্রণ এবং এক অসুখী দাম্পত্য জীবনের মধ্যে নিজের স্বাধীনতা ও ভালোবাসার সন্ধান করেন। শাশুড়ি কাবানিখার দমনমূলক আচরণের মধ্যে দিয়ে তাঁর ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সামাজিক রীতি, নৈতিক দ্বন্দ্ব এবং স্বাধীন সত্তার অনুসন্ধান নাটকের মূল বিষয় হয়ে উঠেছে।

এনএসডি জানিয়েছে, ‘ফরেন ইনপুট প্রোগ্রাম’-এর প্রধান লক্ষ্য হল শেষ বর্ষের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নাট্যবিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ করে দেওয়া। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের নাট্যঐতিহ্য, অভিনয় কৌশল, নির্দেশনা পদ্ধতি এবং সৃজনশীল উপস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন, যা ভবিষ্যতের পেশাদার নাট্যজীবনে তাঁদের দক্ষতা আরও সমৃদ্ধ করবে।

নাট্যবিশেষজ্ঞদের মতে, জিআইটিআইএস ইন্টারন্যাশনাল ও এনএসডির এই যৌথ উদ্যোগ শুধু শিল্পী বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ভারত ও রাশিয়ার মধ্যে শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং নাট্যচর্চার দীর্ঘদিনের সহযোগিতাকে আরও সুসংহত করবে। একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক কূটনীতির ক্ষেত্রেও এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande