হজ ২০২৭-এর প্রস্তুতি শুরু, পর্যালোচনা বৈঠকে নতুন হজ নীতির ইঙ্গিত কেন্দ্রের
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): আগামী হজ ২০২৭-এর প্রস্তুতি শুরু করে বৃহস্পতিবার রাজধানীর ড. বি.আর. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক
হজ ২০২৭-এর প্রস্তুতি শুরু, পর্যালোচনা বৈঠকে নতুন হজ নীতির ইঙ্গিত কেন্দ্রের


নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): আগামী হজ ২০২৭-এর প্রস্তুতি শুরু করে বৃহস্পতিবার রাজধানীর ড. বি.আর. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করে তুলতে একাধিক বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি খুব শীঘ্রই হজ ২০২৭-এর জন্য নতুন হজ নীতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বৈঠকের পরে কিরেন রিজিজু বলেন, গত ১২ বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনযাত্রার মান, সুযোগ-সুবিধা এবং সামগ্রিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের ফলে সংখ্যালঘুদের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

মন্ত্রী আরও জানান, হজ ২০২৬-এর সফল ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক ভারতকে দুটি ‘লাব্বাইতুম’ পুরস্কার প্রদান করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশের জন্য গর্বের বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী হজযাত্রাকে আরও সুষ্ঠু, নিরাপদ ও উন্নত করতে সরকার ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে। তাঁর আশ্বাস, হজ ২০২৭ এ বছরের হজযাত্রার তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীবৎস কৃষ্ণ, বিদেশ মন্ত্রকের সচিব (সিপিভি ও ওআইএ) শ্রীপ্রিয়া রঙ্গনাথন, বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (গাল্ফ) অসীম আর. মহাজন-সহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিক।

বৈঠকে হজ ২০২৬-এর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার মূল্যায়ন করা হয়। একই সঙ্গে হজ ২০২৭-এর রূপরেখা, যাত্রী পরিষেবা, সমন্বয় ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রের লক্ষ্য, আগামী হজযাত্রায় আরও উন্নত পরিষেবা নিশ্চিত করে ভারতীয় হাজিদের জন্য নির্বিঘ্ন ও সুরক্ষিত যাত্রার ব্যবস্থা করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande