
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেশজুড়ে পেট্রোল, ডিজেল, এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জ্বালানির কোনও ঘাটতির আশঙ্কা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, দেশের সমস্ত তেল শোধনাগার পূর্ণ সক্ষমতায় কাজ করছে। পাশাপাশি খুচরো জ্বালানি বিক্রয়কেন্দ্র ও এলপিজি পরিবেশক সংস্থাগুলিও নিয়মিত পরিষেবা দিচ্ছে। গত তিন দিনে ১ কোটি ৩৬ লক্ষ এলপিজি বুকিংয়ের বিপরীতে ১ কোটি ৪৭ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিন আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির এলপিজি বুকিংয়ের ব্যাকলগ কমে এখন গড়ে ৩.১ দিনে নেমে এসেছে। এই সময়ে ২২,৯৪৫ টন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এবং ৫ কেজি ওজনের ১.৯৮ লক্ষ সিলিন্ডার বিক্রি হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ১০.০২ লক্ষ পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এছাড়া আরও ৩.২২ লক্ষ নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ৯.৯৪ লক্ষ নতুন গ্রাহক পিএনজি পরিষেবা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন।
বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার ই-৮৫ (E85) জ্বালানি সরবরাহের পরিকাঠামোও সম্প্রসারণ করছে। বর্তমানে দেশের প্রায় ৪৮টি খুচরো জ্বালানি বিক্রয়কেন্দ্রে ই-৮৫ পাওয়া যাচ্ছে। সুজাতা শর্মা জানান, চলতি বছরের শেষ নাগাদ আরও ৫০০টি বিক্রয়কেন্দ্রে এই সুবিধা চালু হবে। আগামী বছরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে প্রায় ৫,০০০-এ পৌঁছবে।
অন্যদিকে, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা ওপেশ কুমার শর্মা জানান, ৬২,৩৭০ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ শুক্রবার সকালে গুজরাটের দাহেজ বন্দরে নোঙর করবে।
তিনি বলেন, বিদেশে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনে তাঁদের সহায়তা পৌঁছে দিতে জাহাজ চলাচল মহাপরি দফতর(ডিজি শিপিং)-এর মাধ্যমে বিদেশ মন্ত্রক, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, বিভিন্ন শিপিং সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে।
ওপেশ কুমার শর্মা জানান, মন্ত্রকের কন্ট্রোল রুম এখনও পর্যন্ত ১৩,১৮৭টিরও বেশি ফোনকল এবং ২৯,৩৭৬টিরও বেশি ই-মেল পরিচালনা করেছে। শুধু গত ৭২ ঘণ্টায় নাবিক, তাঁদের পরিবার এবং সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে ৪৫০টি ফোনকল ও ১,০৭৭টি ই-মেল এসেছে।
তিনি আরও জানান, ডিজি শিপিংয়ের উদ্যোগে এখনও পর্যন্ত ৩,৬৩৯ জনেরও বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করা হয়েছে। এর মধ্যে গত ৭২ ঘণ্টায় দেশে ফিরেছেন ৪৭ জন নাবিক। দেশের সব বন্দরেই স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে এবং কোথাও কোনও যানজট বা অস্বাভাবিক পরিস্থিতির খবর নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য