তৃণমূলের শাসনকালে ‘মধ্যযুগীয় বর্বরতা’র অভিযোগ, ক্যানিং পূর্বে মহিলা নির্যাতনের মামলা সওকাত মোল্লার বিরুদ্ধে
জীবনতলা, ১৯ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলায় এক মহিলার করা অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার অভিযোগ, নিজের ছোট সন্তানকে আটকে রেখে তাকে খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন ক
তৃণমূলের শাসনকালে ‘মধ্যযুগীয় বর্বরতা’র অভিযোগ, ক্যানিং পূর্বে মহিলা নির্যাতনের মামলা সওকাত মোল্লার বিরুদ্ধে


জীবনতলা, ১৯ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলায় এক মহিলার করা অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার অভিযোগ, নিজের ছোট সন্তানকে আটকে রেখে তাকে খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। পাশাপাশি ধর্ষণেরও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা সওকাত মোল্লা এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী হোসেন শেখের বিরুদ্ধে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

নির্যাতিতা মহিলার দাবি, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর পাঁচ বছরের সন্তানকে জীবনতলার হোসেন শেখ ও তাঁর সহযোগীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে তিনি সন্তানের খোঁজে জীবনতলার কালীবাড়ি এলাকায় একটি পার্টি অফিসে যান। সেখানে সন্তানের কথা জানতে চাইলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বন্দুক দেখিয়ে ভয় দেখানো এবং সন্তানকে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন ওই মহিলা।

মহিলার আরও অভিযোগ, ওই সময় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং জোর করে ধর্ষণ করা হয়। এরপর আরও একদিন তাঁকে সহযোগীদের মাধ্যমে তৎকালীন বিধায়ক সওকাত মোল্লার কাছে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেও তাঁকে নির্যাতনের শিকার হতে হয় বলে দাবি করেছেন তিনি।

নির্যাতিতা বলেন, সন্তানকে ফিরে পাওয়ার আশায় তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্তদের ভয়ে এতদিন প্রকাশ্যে অভিযোগ জানাতে পারেননি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে।

সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande