
কলকাতা, ১৯ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে শুক্রবার কলকাতায় 'দৌড় সে ধ্যান ২০২৬’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মিললো। ‘স্বচ্ছতা সে স্বাগত’ প্রকল্পের আওতায় আয়োজিত এই উদ্যোগ স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ববোধ এবং সামগ্রিক সুস্থতার মূল্যবোধগুলিকে একসূত্রে বেঁধেছে। এই উদ্যোগের অংশ হিসেবে কলকাতার ১১টি স্থানে একই সময়ে ২ কিলোমিটারের ‘যোগ রান’-এর আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল, নাগরিকদের জীবনযাত্রার অংশ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করতে উৎসাহিত করা।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব যৌথভাবে কলকাতা পৌরসভা থেকে মহাকরণ পর্যন্ত ‘দৌড় সে ধ্যান ২০২৬’-এর সূচনা করেন। দৌড় শেষে মহাকরণে যোগব্যায়াম ও ধ্যানের একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল ও তাপস রায়। এছাড়াও বিধায়ক বিজয় ওঝা; মুখ্য সচিব মনোজ আগরওয়াল; আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজও যোগব্যায়ামে অংশ নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ