‘কালা হিরণ’ মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট, ১ জুলাই ফের শুনানি
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অভিনেতা সলমান খানের জীবন অবলম্বনে নির্মিত বলে দাবি করা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’ ছবির মুক্তিতে অবিলম্বে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি মধু জৈনের বেঞ্চ সলমান খানকে তাঁর দায়ের কর
‘কালা হিরণ’ মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট, ১ জুলাই ফের শুনানি


নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অভিনেতা সলমান খানের জীবন অবলম্বনে নির্মিত বলে দাবি করা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’ ছবির মুক্তিতে অবিলম্বে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি মধু জৈনের বেঞ্চ সলমান খানকে তাঁর দায়ের করা আবেদনের সম্পূর্ণ অনুলিপি ছবির প্রযোজকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ জুলাই।

শুনানিতে সালমান খানের আইনজীবী নিজাম পাশা আদালতে জানান, অভিনেতার অনুমতি ছাড়াই তাঁর জীবন ও ব্যক্তিগত ঘটনাবলিকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে, যদিও মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে নির্মাতাদের পক্ষে আইনজীবী আদালতে জানান, তাঁদের কাছে এখনও মামলার পূর্ণাঙ্গ কপি পৌঁছায়নি। তাই এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া উচিত নয়। সেই যুক্তি মেনে আদালত আপাতত স্থগিতাদেশ দিতে অস্বীকার করে এবং সলমান খানকে প্রযোজকের কাছে আবেদনের পূর্ণাঙ্গ কপি সরবরাহ করার নির্দেশ দেয়।

আবেদনে সলমান খানের দাবি, ১৯৯৮ সালের কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলাকে কেন্দ্র করেই ছবির কাহিনি গড়ে উঠেছে এবং তা তাঁর ব্যক্তিত্ব ও ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে। অভিযোগে আরও বলা হয়েছে, ছবিতে তাঁর মতো দেখতে এক অভিনেতাকে ব্যবহার করা হয়েছে। এমনকি সলমান খানের পরিচিত ব্রেসলেটের আদলেও একটি ব্রেসলেট পরানো হয়েছে চরিত্রটিকে। পাশাপাশি, ছবির প্রচারেও তাঁর নাম বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

আবেদনে আরও বলা হয়েছে, এই ছবি মুক্তি পেলে কৃষ্ণসার শিকার মামলার বিচারপ্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে এবং অভিনেতার জনসমক্ষে গড়ে ওঠা ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সলমান খান আদালতকে জানান, এর আগেই তিনি ছবির প্রযোজককে আইনি নোটিস পাঠিয়ে প্রচার ও মুক্তি বন্ধ রাখার দাবি করেছিলেন। নোটিসে উল্লেখ করা হয়, কৃষ্ণসার শিকার সংক্রান্ত মামলা এখনও রাজস্থান হাইকোর্টে বিচারাধীন। তাই এই পর্যায়ে ঘটনাটিকে নাটকীয়ভাবে তুলে ধরা বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

ইতিমধ্যেই ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। ছবিতে কৃষ্ণসার শিকার মামলার ঘটনাবলি, সেই মামলাকে ঘিরে আদালতের কার্যক্রম এবং সালমান খান ও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দীর্ঘদিনের বিরোধকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। তবে আইনি জটিলতা এড়াতে ছবিতে সলমান খানের অনুপ্রাণিত চরিত্রের নাম রাখা হয়েছে ‘আয়ান খান’ এবং লরেন্স বিষ্ণোইয়ের অনুপ্রাণিত চরিত্রের নাম ‘লায়ন বিষ্ণোই’। ছবিটির পরিচালনায় রয়েছেন ভারত এস. শ্রিনেত এবং প্রযোজক অমিত জানি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande