
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): শীতকালে দূষণ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে দিল্লি সরকার নতুন ‘প্রোঅ্যাক্টিভ উইন্টার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ ঘোষণা করেছে। দিল্লি সরকার শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে রাজধানীর বাইরে নিবন্ধিত নন-বিএস ভিআই বাণিজ্যিক যানবাহনগুলিকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
শুক্রবার এক বিবৃতিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বৈধ দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট থাকা যানবাহনগুলিই শুধুমাত্র দিল্লির পেট্রোল পাম্প থেকে জ্বালানি কিনতে পারবে। যদিও জ্বালানি কেনার এই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে তা স্পষ্ট করা হয়নি। দিল্লির বাইরে নিবন্ধিত নন-বিএস ভিআই বাণিজ্যিক যানবাহনগুলিকে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে সিএনজি চালিত যানবাহন, বৈদ্যুতিক যান, জরুরি পরিষেবা প্রদানকারী যানবাহন এবং সরকারি কাজে ব্যবহৃত যানবাহনগুলি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শীতকালে বায়ুদূষণ কমাতে এবং ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত ব্যবহার হ্রাসে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদিত পার্কিং এলাকাগুলিতে চার্জ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ