জি-৭ শীর্ষ সম্মেলন ও স্লোভাকিয়া সফরে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে: বিজেপি
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং স্লোভাকিয়া সফর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরেছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের বক্তব
জি-৭ শীর্ষ সম্মেলন ও স্লোভাকিয়া সফরে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে: বিজেপি


নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং স্লোভাকিয়া সফর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরেছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের বক্তব্য, কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম স্লোভাকিয়া সফর এবং সেখানে প্রধানমন্ত্রী মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করে।

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র ও সাংসদ ড. সুধাংশু ত্রিবেদী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলেই ভারত প্রথম জি-৭ শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে অংশগ্রহণের সুযোগ পায়। তাঁর দাবি, ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সময় এই প্রক্রিয়ার সূচনা হয়েছিল।

ত্রিবেদী বলেন, এবারের জি-৭ সম্মেলনেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, সম্মেলনে ভারত 'ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটিং কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড (ইমপ্যাক্ট)' নামে একটি নতুন উদ্যোগের প্রস্তাব রেখেছে, যা জি-৭ সদস্য দেশগুলির আগ্রহ আকর্ষণ করেছে। এর মধ্য দিয়ে বিশ্বপরিসরে ভারতের ক্রমবর্ধমান প্রভাব আরও স্পষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজেপি মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মতে, এই সম্মানগুলি আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতি ও আস্থার প্রতিফলন।

সুধাংশু ত্রিবেদীর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের প্রভাবশালী দেশগুলির আস্থা অর্জন করে চলেছে। একইসঙ্গে তিনি ফ্রান্সের সেই সিদ্ধান্তেরও উল্লেখ করেন, যার আওতায় প্রতিবছর স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাক্ষেত্রে ৩০ হাজার ভারতীয় পড়ুয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হবে। তাঁর দাবি, এই পদক্ষেপ ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande