
কলকাতা, ১৯ জুন (হি. স.) : হার্ভার্ড হাউস স্পোর্টস-এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল - ‘ক্রীড়াক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন’ বিষয়ক একটি আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান পর্ব। উপস্থিত অতিথিরা ক্রীড়ার মাধ্যমে সংখ্যালঘু সমাজের উন্নয়ন, সুযোগের প্রসার এবং প্রতিভা বিকাশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেছেন।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি অনুষ্ঠানে সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও উৎসাহ জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলি হুসেন , সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি। এর পাশাপাশি সংস্থার কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক - সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।
এদিন সংবর্ধনা পর্বে সমাজকল্যাণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেয়স শেঠ-সহ মোট ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। তাঁদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা এদিনের অনুষ্ঠানে বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে ব্যক্তি ও সংগঠনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের স্বীকৃতি সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও মানুষকে উৎসাহিত করবে বলেও তাঁরা আশাবাদী ভূমিকার কথাও ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত